বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করতে করতেই এ দেশের মানুষের ৫৫ বছর কেটে গেল। গত সাড়ে পাঁচ দশকেও রাজনৈতিক দিক থেকে জাতি হিসেবে আমরা সাবালক হয়ে উঠতে পারিনি। সরকার পরিচালনার ক্ষমতাকে স্বেচ্ছাচারী চালানোর লাইসেন্স মনে করা হয়েছে।
বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ৫৫তম বার্ষিকীতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে স্বাধীনতাযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং তাদের স্মৃতির সম্মান জানিয়ে নিরবতা পালন করা হয়।
স্মৃতিসৌধের বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ঢাকা মহানগর কমিটির সদস্য বাবর চৌধুরী, জোনায়েদ হোসেন, স্বাধীন মিয়া, শিবু মোহান্ত, পার্টির শিল্পাঞ্চল কমিটির নেতা সুমন মিয়া, মোহাম্মদ লিটন, ফারুক হোসেন ও শিউলি বেগম প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনের পর সাইফুল হক বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থান এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী, অসাম্প্রদায়িক রাষ্ট্র ও সমাজ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তাকে নষ্ট হতে দেওয়া যাবে না। প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে কাজে লাগাতে হবে।

