‘স্বর্ণালি সময়’ দেখছে ভারতীয় ক্রিকেট

0
‘স্বর্ণালি সময়’ দেখছে ভারতীয় ক্রিকেট

নিজেদের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা ধরে রাখার কৃতিত্ব দেখিয়েছে তারা। একই সঙ্গে রেকর্ড তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নজিরও গড়েছে ভারত।

এই সাফল্যের পর ভারতীয় ক্রিকেটের বর্তমান সময়কে ‘স্বর্ণালি সময়’ বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেভাজিৎ সাইকিয়া।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক সাফল্য পেয়েছে ভারত। গত বছর চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পাশাপাশি তারা জিতেছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বছরের শেষ দিকে প্রথমবারের মতো শিরোপা জেতে মেয়েদের একদিনের বিশ্বকাপে। এ ছাড়া গত মাসে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের সাফল্যও যোগ হয়েছে। এই ধারাবাহিক সাফল্যের সঙ্গে এবার যুক্ত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে পুরো প্রতিযোগিতাজুড়ে ভয়ডরহীন ও গতিশীল ক্রিকেট খেলেছে দল। আক্রমণাত্মক ব্যাটিং, নিয়ন্ত্রিত বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিংয়ের সমন্বয়ে প্রতিটি ধাপে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে তারা।

দলের এই সাফল্যে প্রধান কোচ গৌতম গম্ভীর ও সহকারী সদস্যদের অবদানকেও প্রশংসা করেছে বোর্ড। চাপের মুহূর্তেও ভালো খেলতে পারে, এমন আত্মবিশ্বাসী ও ভারসাম্যপূর্ণ দল গড়ে তুলতে তাদের পরিকল্পনা ও প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মিঠুন মানহাস বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় পুরো জাতির জন্য গর্বের মুহূর্ত। নিজেদের মাঠে শিরোপা ধরে রাখার কৃতিত্ব এই অর্জনকে আরও বিশেষ করে তুলেছে। দলের প্রতিটি সদস্য, কোচিং দল ও নির্বাচকদের অভিনন্দন জানাই।’

সচিব দেভাজিৎ সাইকিয়া বলেন, ‘ভারতীয় ক্রিকেটের স্বর্ণালি সময় চলছে এখন। গত বছর আমরা মেয়েদের বিশ্বকাপ এবং এবার ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছি, দুটিতেই চ্যাম্পিয়ন হওয়া সত্যিই স্মরণীয় অর্জন।’

তিনি আরও বলেন, ভারতীয় ক্রিকেটের কাঠামো শক্তিশালী করা এবং বিশ্ব ক্রিকেটে দেশের অবস্থান আরও মজবুত করতে জয় শাহর অবদানও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here