
লিওনেল মেসি বার্সেলোনায় ফিরলেন না। সৌদির ক্লাব আল হিলালে গিয়েও এশিয়ান ফুটবলের স্বাদ নিলেন না তিনি। মেসি নাম লেখালেন মেজর লিগ সকারে। এলএমটেন এখন ইন্টার মায়ামির। ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ডেভিড বেকহ্যামের ডাকে সাড়া দিয়েই মেসি আমেরিকায়।
আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিরুদ্ধে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হতে চলেছে মেসির। লডারহিলের ডিআরভি পিএনকে স্টেডিয়াম দেখবে এলএম টেনের ম্যাজিক। আর তার আগেই মেসির সঙ্গে ছবি শেয়ার করে ক্লাবের কর্ণধার ও সভাপতি ব্যাকহাম আবেগি হয়ে পড়লেন। তিনি লিখলেন, স্বপ্ন বাস্তবে পরিনণত হল।
মেসি মায়ামিতে পা রাখার আগেই ডেভিড ব্যাকহামের ক্লাব নিয়ে এসেছে নতুন কোচকে। ফিল নেভিলের জায়গায় এসেছেন জেরার্ডে ‘টাটা’ মার্টিনো। অতীতে এই মার্টিনো মেসির সঙ্গে কাজ করেছেন বার্সেলোনাও আর্জেন্টিনায়। ফের গুরু-শিষ্য একসঙ্গে। মার্টিনো-মেসি জুটি বার্সায় দেখা গেছে ২০১৩-১৪ মৌসুমে। আর্জেন্টিনায় মেসিকে ২০১৪-১৬ পর্যন্ত কোচিং করিয়েছেন মার্টিনো। শেষবার মেক্সিকো জাতীয় দলের কোচ হিসেবে পাওয়া গিয়েছে মার্টিনোকে।
তিনি কিন্তু মার্কিন ফুটবলে নতুন নন। আটলান্টা ইউনাইটেডকে দুই মরসুম কোচিং করিয়েছেন। ২০১৮ সালে জিতিয়েছেন এমএলএস কাপ। শুধু মার্টিনোকে এনেই থামবে না ইন্টার মায়ামি। ক্লাবের নজরে আরও পাঁচ তারকা। ঘটনাচক্রে যারা সকলেই মেসির সঙ্গে খেলেছেন ক্লাবে কিংবা দেশে। জর্ডি আলবা, সের্জিও বুসকেটস, অ্যানহেল ডি মারিয়া, মার্কো ভেরাতি, লিয়ান্দ্রো পারেডেসকে টার্গেট করেছে মেসির ক্লাব।

