বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্কুল ব্যাগে গাঁজা বহনের সময় এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি সায়মন মুন্সী বাবু (২১), তিনি ওই এলাকার আলী আকবর মুন্সীর ছেলে।
মহানগর ডিবি পুলিশের পরিদর্শক হেলালুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি স্কুল ব্যাগে গাঁজা বহনকালে তাকে আটক করা হয়। পরে ব্যাগ থেকে প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং আটক ব্যক্তিকে এয়ারপোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

