সৌদিতে দেওয়াল ধসে নোয়াখালী প্রবাসীর মৃত্যু

0
সৌদিতে দেওয়াল ধসে নোয়াখালী প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের দাম্মামে দেওয়াল ধসে পড়ে মোহাম্মদ ইউসুফ (২৬) নামে নোয়াখালীর সেনবাগের এক প্রবাসী যুবক মারা গেছেন।

শনিবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন সনেবাগ ছাতারপাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মোয়াজ্জম হোসেন। এর আগে, গতকাল শুক্রবার বিকালে সৌদির দাম্মামে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাহতাবপুর গ্রামের মনগাজী ব্যাপারী বাড়ির মৃত বেচু মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মাস আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে ও জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ। শুক্রবার বিকালে ইউসুফ একটি ভবনে ইলেকট্রিকের কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি দেওয়াল ধসে তার ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাবেক ইউপি সদস্য (মেম্বার) মোয়াজ্জম হোসেন আরও বলেন, ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। তার আড়াই বছর বয়সি এক মেয়ে রয়েছে। 

ইউসুফের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে মাহতাবপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়রা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here