সন্ত্রাসবিরোধী চারটি পৃথক অভিযানে সোমালিয়ার দক্ষিণ-মধ্যাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আল-শাবাবের অন্তত ২৩ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা (নিসা)। এক বিবৃতিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিসা জানায়, আন্তর্জাতিক নিরাপত্তা অংশীদারদের সমন্বয়ে এসব অভিযান হিরশাবেলে রাজ্যের হিরান ও মধ্য শাবেল অঞ্চলে পরিচালিত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলার প্রস্তুতিকালে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করা হয়।
নিসা জানায়, মাহাস শহরের কাছে ওয়াব-ওয়েইন ও গবো এলাকায় ‘খাওয়ারিজ’ গোষ্ঠীর যোদ্ধারা সমবেত হচ্ছে- এমন তথ্য পাওয়ার পর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অভিযান চালানো হয়। অভিযানের সময় হিরান অঞ্চলের মোকোকোরি শহরে সন্ত্রাসীদের একটি সাময়িক বসতি ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়। সোমালি সরকার আল কায়েদা-সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠী আল শাবাবকে বোঝাতে ‘খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে।
আল-শাবাব গত ১৬ বছরেরও বেশি সময় ধরে সোমালিয়া সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে। সংগঠনটি নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনী, সরকারি কর্মকর্তা ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়। গত জুলাই থেকে সোমালিয়ার সেনাবাহিনী আফ্রিকান ইউনিয়ন সাপোর্ট অ্যান্ড স্ট্যাবিলাইজেশন মিশন ইন সোমালিয়া (এইউএসএসওএম) এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় অভিযান জোরদার করেছে আল-শাবাবের বিরুদ্ধে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

