সৈয়দ মনজুরুল ইসলামকে স্মরণ করল পেন বাংলাদেশ

0
সৈয়দ মনজুরুল ইসলামকে স্মরণ করল পেন বাংলাদেশ

স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা, কবিতা পাঠ, তথ্যচিত্রের প্রদর্শন, শাস্ত্রীয় সংগীতসহ নানা আয়োজনে প্রয়াত কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে স্মরণ করল পেন বাংলাদেশ। 

শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন পেন বাংলাদেশ’র সেক্রেটারি জেনারেল কবি জাহানারা পারভীন।

এরপর সৈয়দ মনজুরুল ইসলামকে নিবেদিত কবিতা পাঠ করেন কবি জাহিদ হায়দার। ড. শিউলী ভট্টাচার্য ভায়োলিন পরিবেশন করেন। তার সঙ্গে তবলায় ছিলেন সুকান্ত দাস। লেখকের জীবনী পাঠ করেন কথাসাহিত্যিক শাহনাজ নাসরীন।

অনুষ্ঠানে পেন বাংলাদেশ’র ভাইস প্রেসিডেন্ট কবি শামীম রেজার সঞ্চালনায় আলোচনা করেন প্রফেসর নজরুল ইসলাম, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কবি আসাদ মান্নান, প্রফেসর ড. সানজিদা হোসাইন এবং লেখকের ভাতিজি, ব্রুনেল ইউনিভার্সিটিতে শিক্ষারত সৈয়দা নোভেরা আনোয়ার।

বক্তারা বলেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের লেখনীতে আমরা দেখেছি স্বপ্নের শহর, অবহেলিত মানুষের নীরব কান্না আর বিস্ময়ের বিস্তৃত ভুবন। যেখানে প্রতিটি বাক্যই ছিল অনুপ্রেরণার উৎস, চিন্তার এক নির্মল আলোকবর্তিকা।

তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে ছোটগল্পের বিমূর্ত জগৎ—সব ক্ষেত্রেই সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন এক শক্তিশালী ও সৃজনশীল কণ্ঠ।

আলোচনার পরে প্রদর্শিত হয় তথ্যচিত্র ‘প্রেম ও প্রার্থনায় সৈয়দ মনজুরুল ইসলাম’। অনুষ্ঠানে স্মারকগ্রন্থ ‘প্রেম ও প্রার্থনায় সৈয়দ মনজুরুল ইসলাম’-এর মোড়ক উন্মোচন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here