কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে কেয়াগাছ কেটে রিসোর্ট নির্মাণের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বনবিভাগ।
টেকনাফ থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন পরিবেশ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মুসাইব ইবনে রহমান।
অভিযুক্তরা হলেন, সেন্টমার্টিন দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে কেফায়েত আল্লাহ ও রিসোর্ট মালিক নুর মোহাম্মদ খান।
মামলার এজাহারে বলা হয়েছে, দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় রিসোর্ট নির্মাণের জন্য কয়েকটি কেয়াগাছ কাটা হয়েছে। পরিবেশ অধিদফতরের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করে।
পরিবেশ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন জানান, সৈকতের পাশে গাছকাটা ও অবৈধ রিসোর্ট নির্মাণের কারণে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে যদি আরও কেউ জড়িত থাকে, তাদেরও আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে সেন্টমার্টিনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়। ইসিএর বিধি অনুযায়ী, দ্বীপে এমন কোনো কাজ করা যাবে না যা পানি, মাটি, বায়ু বা প্রাণীর ক্ষতি ঘটাতে পারে। ২০২২ সালে সরকার সেন্টমার্টিনকে মেরিন প্রটেকটেড এরিয়া ঘোষণা করে। বর্তমানে ২৩৭টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ নির্মিত হলেও দ্বীপের প্রবাল প্রজাতি ১৪১টি থেকে কমে ৪০টিতে নেমেছে এবং বৃক্ষ আচ্ছাদিত এলাকা কমে গেছে।

