সেনাসদর পরিদর্শন করে আফগানদের শাহবাজের কড়া হুঁশিয়ারি

0
সেনাসদর পরিদর্শন করে আফগানদের শাহবাজের কড়া হুঁশিয়ারি

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে সেনাসদর দপ্তর (জিএইচকিউ) পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার রাওয়ালপিন্ডিতে অবস্থিত সামরিক সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস জেনারেল আসিম মুনির। সেখানে শাহবাজকে সীমান্ত পরিস্থিতি ও নিরাপত্তা অভিযান সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

গতকাল বৃহস্পতিবার আফগান তালেবান বাহিনীর হামলার পর পাকিস্তান সেনাবাহিনী গজব লিল-হক নামক বিশেষ অভিযান শুরু করে। শাহবাজ শরীফ এই সফর সেই অভিযানের কৌশলগত গুরুত্ব এবং জাতীয় নিরাপত্তার প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ব্রিফিং চলাকালে তিনি জানান, আফগান তালেবান এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ফিতনা আল খাওয়ারিজ (টিটিপি)-এর মধ্যকার অশুভ আঁতাত ও তাদের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানের বিরুদ্ধে আফগান তালেবান প্রশাসন ও ফিতনা আল খাওয়ারিজের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে এবং পাকিস্তান যেকোনো ধরনের আগ্রাসন প্রতিহত করার সক্ষমতা রাখে। সীমান্তে আফগান বাহিনীর হামলা সফলভাবে রুখে দেওয়া এবং শক্তিশালী পাল্টা জবাব দেওয়ায় তিনি সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন শাহবাজ। 

একইসঙ্গে শাহবাজ প্রত্যয় ব্যক্ত করেন, মাতৃভূমি রক্ষায় পুরো জাতি সামরিক বাহিনীর পাশে আছে।

সূত্র: ডন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here