ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত পাওয়ার ঘটনার জেরে দুই কর্মকর্তাকে প্রথমে আড়াইহাজার উপজেলায় বদলি করা হলেও একদিন পর তাদের গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করা হয়েছে।
গত ৫ মার্চ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার (রাজস্ব) আমজাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুককে গোপালগঞ্জে বদলি করা হয়।
উল্লেখ্য, গত ৪ মার্চ বুধবার সকাল ৯টা ১০ মিনিটে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় তিনি কোনো কর্মকর্তা বা কর্মচারীকে না পেয়ে প্রায় ৩০ মিনিট অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন।
ঘটনার পরদিনই নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুককে আড়াইহাজার উপজেলায় এবং অফিস সহকারী ফাতেমা জান্নাতীকে বন্দর উপজেলায় বদলির আদেশ দেয়।
এদিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ইউনিয়নের ভূমি সহকারী দুলাল চন্দ্র দেবনাথকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে।

