সূর্যের ঝড়ে বিপদ কাটিয়ে যুক্তরাষ্ট্রকে ১৬২ রানের লক্ষ্য দিল ভারত

0
সূর্যের ঝড়ে বিপদ কাটিয়ে যুক্তরাষ্ট্রকে ১৬২ রানের লক্ষ্য দিল ভারত

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় বিপদে পড়েও শেষ পর্যন্ত লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। ৭৭ রানে ৬ উইকেট হারানোর ধাক্কা সামলে ৯ উইকেটে ১৬১ রান তোলে ভারত। ফলে ম্যাচ জিততে হলে যুক্তরাষ্ট্রকে করতে হবে ১৬২ রান।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র। ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় ভারত। ওপেনার অভিষেক শর্মা গোল্ডেন ডাক খেয়ে ফেরেন।

এরপর ষষ্ঠ ওভারে শাদলে ফন শকউইকের তোপে পড়ে ভারত। ওই ওভারে তিন উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। ইশান কিশান ১৬ বলে ২০ রান করে আউট হন। তিলক ভার্মা ১৬ বলে ২৫ রান যোগ করেন। শিভাম দুবের বিদায় ঘটে গোল্ডেন ডাকে।

মাত্র ৫ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে ভারত। এরপর রিঙ্কু সিং (৬) ও হার্দিক পান্ডিয়া (৫) দ্রুত ফিরে গেলে স্কোর দাঁড়ায় ৭৭ রানে ৬ উইকেট।

সেই বিপর্যয়ের মাঝেই দায়িত্ব নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। একপ্রান্ত আগলে রেখে তিনি খেলেন দারুণ এক ইনিংস। ৪৯ বলে অপরাজিত ৮৪ রানে তার ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ৪টি ছক্কায়। শেষদিকে অক্ষর প্যাটেল ১১ বলে ১৪ রান যোগ করলে লড়াইয়ের পুঁজি পায় ভারত।

যুক্তরাষ্ট্রের হয়ে শাদলে ফন শকউইক ছিলেন সবচেয়ে সফল বোলার। তিনি ২৫ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here