সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ও ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৪০ ও ১৯৫৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৪৭০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ৪১ কোটি টাকার। আগের দিন ডিএসইতে ৫১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৯টি কোম্পানির, কমেছে ১৭২টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৮১ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৩টির, কমেছে ৮৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর।
সোমবার সিএসইতে ৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে ১২ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে ৪৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

