সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ মার্চ) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৭৯ ও ২০৬৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৫৯১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৬৮ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৫২৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩০৮টি কোম্পানির, কমেছে ৩২টি এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- সিটি ব্যাংক, লাভেলো আইসক্রিম, রবি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সামিট পোর্ট, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, সী পার্ল, একমি লিমিটেড ও লাফার্জহোলসিম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৮০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৫টির, কমেছে ৪০টি এবং অপরিবর্তিত রয়েছে ১১টির কোম্পানির শেয়ার দর।
বৃহস্পতিবার সিএসইতে ১৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৪ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

