দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মৃত্যু বরণ করেছেন হলিউড অভিনেত্রী ও ‘সুপারম্যান’ সিনেমার তারকা ভ্যালেরি পেরিন। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর।
মৃত্যুর খবর জানিয়েছে সংবাদমাধ্যম ‘সিক্স পেইজ’। পরিবার জানিয়েছে, ভ্যালেরি পেরিন দীর্ঘদিন পারকিনসন রোগে ভুগছিলেন। এই রোগ ধরা পড়েছিল ২০১৫ সালে।
ভ্যালেরি পেরিনের মৃত্যুতে তার বন্ধু, সহকর্মীরা গভীর শোকে আচ্ছন্ন। সোশাল মিডিয়ায় তাদের অনেকে স্মরণ করছেন পেরিনকে। একজন লিখেছেন, “পেরিন কখনো অভিযোগ করেননি, বরং জীবনকে উদযাপন করেছেন। শেষ দিন পর্যন্ত তিনি সাহস ও ইতিবাচক মনোভাব নিয়ে লড়াই চালিয়ে গেছেন।”
ভ্যালেরি পেরিন ১৯৬৮ সালে লাস ভেগাসের স্টারডাস্ট রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে একজন শো-গার্ল হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। দর্শকের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিত ‘সুপারম্যান’ সিরিজের ‘মিস টেশম্যাকার’ চরিত্রে অভিনয়ের জন্য।
ক্রিস্টোফার রিভ অভিনীত সুপারম্যানের বিপরীতে পেরিন ছিলেন ভিলেন লেক্স লুথারের সঙ্গিনী। এই চরিত্রে তার সৌন্দর্য ছাড়াও মানবিক দ্বন্দ্ব ফুটে ওঠে।
পেরিন ‘দ্য লাস্ট আমেরিকান হিরো’, ‘হোয়াট ওমেন ওয়ান্ট’ সিনেমা ছাড়াও ‘ইআর’, ‘দ্য প্র্যাকটিস’, ‘ন্যাশ ব্রিজ’সহ আরও কিছু জনপ্রিয় সিরিজে অতিথি চরিত্রে অভিনয় করেছেন।
অভিনয় দক্ষতার জন্য তিনি অস্কারের মনোনয়নও পেয়েছিলেন। ভ্যালেরি পেরিনের মৃত্যুতে হলিউড ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমেছে।

