কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঝাউকুটি সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন।
আটক দুই যুবক হলেন—নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টমীর চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।
২২ বিজিবি ব্যাটালিয়ন ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ওই দুই যুবক অবৈধভাবে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
আটক দুই যুবককে ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনার কথা থাকলেও তা পরবর্তীতে সময় পরিবর্তন করে করা হয়েছে। বৈঠকে তাদের ফেরত দেওয়া হবে বলে আশা করছে বিজিবি।

