কয়েকদিনের সংঘাতের পর একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসার পর সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো ছেড়েছে কুর্দি যোদ্ধাদের শেষ দল।
রবিবার ভোরের আগে এ যুদ্ধবিরতির ঘোষণা আসে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) রবিবার এক বিবৃতিতে বলেছে, ‘একটি সমঝোতার মাধ্যমে আমরা যুদ্ধবিরতিতে পৌঁছেছি। ফলে আলেপ্পোর আশরাফিয়া ও শেখ মাকসুদ এলাকায় গত কয়েক দিনের সংঘর্ষে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার, আহত ও আটকা পড়া বেসামরিক নাগরিক এবং কুর্দি যোদ্ধাদের উত্তর ও পূর্ব সিরিয়ায় সরিয়ে নেওয়ার পথ সুগম হয়েছে।’
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, যোদ্ধাদের নিয়ে বাসের শেষ বহরটি ইতিমধ্যে শেখ মাকসুদ এলাকা ছেড়েছে। বাসগুলো উত্তর-পূর্ব সিরিয়ার দিকে যাচ্ছে।
গত কয়েক দিনে আলেপ্পোর এ এলাকাগুলোতে কুর্দি যোদ্ধাদের সঙ্গে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর তীব্র সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে মানবিক কারণে ও দীর্ঘমেয়াদি সংঘাত এড়াতে কুর্দি যোদ্ধাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

