সিরাজগঞ্জে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

0
সিরাজগঞ্জে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ১৬ দিনে জেলায় ১০৪ শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২৭ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও রবিবার হামে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মালিহা বিনতে মাফুজ (১৭) মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশুটির ফুপি উল্লাপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি জানান, প্রায় ২৫ দিন আগে ঠান্ডা কাশি ও জ্বরে আক্রান্ত হলে শিশুটিকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থা অবনতি হলে ঢাকায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা শেষে হাম শনাক্ত হয় এবং সিসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করে। পরে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটি উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়ানগর গ্রামের মকুল হোসেনের মেয়ে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে হামের উপসর্গ নিয়ে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে। গত ২৮ মার্চ থেকে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করেন। গত ১৬ দিনে জেলায় ১০৪ শিশু এ রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ২৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ১৫ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে ৬ জন, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ২ জন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ১ জন , বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ১ জন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ১ জন ও তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ১ জন ভর্তি রয়েছে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমিন বলেন, পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে হামে আক্রান্তদের জন্য বিশেষ আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here