সিডনিতে রেমিয়ানস অস্ট্রেলিয়ার ঈদ পুনর্মিলনী

0
সিডনিতে রেমিয়ানস অস্ট্রেলিয়ার ঈদ পুনর্মিলনী

আড্ডা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে আনন্দঘন পরিবেশে সিডনিতে ‘রেমিয়ানস অস্ট্রেলিয়া ঈদ রিইউনিয়ন’ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার ঐতিহ্যবাহী রেসিডেনসিয়াল মডেল কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন রেমিয়ানস অস্ট্রেলিয়ার উদ্যোগে স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) সিডনির ইস্ট হিলস পার্ক-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিডনির বিভিন্ন প্রান্ত থেকে আগত সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবার-পরিজনের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানটি পরিণত হয় প্রাণবন্ত মিলনমেলায়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রেমিয়ান মিজান হাওলাদারের ছেলে এহসান।

এরপর সংগঠনের সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ শাহরিয়ার স্বাগত বক্তব্যে কলেজ জীবনের স্মৃতি, মূল্যবোধ এবং ভ্রাতৃত্বের বন্ধনের কথা তুলে ধরেন, যা উপস্থিত সবার মনে নস্টালজিয়ার আবেশ সৃষ্টি করে। সভাপতি ড. হোসেন মোহাম্মদ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানজুড়ে ছিল বিভিন্ন ধরনের বিনোদনমূলক কার্যক্রম ও প্রতিযোগিতা। ছেলেদের অংশগ্রহণে তিন পায়ের দৌড় এবং নারীদের মোমবাতি দৌড় উপস্থিতদের মধ্যে উৎসাহ ও আনন্দের সঞ্চার করে। শিশুদের জন্য বিশেষ আকর্ষণ ছিল “সুপার মারিও” এন্টারটেইনার, যার মজার পরিবেশনা বাচ্চাদের সারাদিন ব্যস্ত রাখে।

দিনশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অতিথিদের জন্য পরিবেশন করা হয় সুস্বাদু ডেজার্ট ও চা, যা পুরো আয়োজনকে আরও উপভোগ্য করে তোলে।

রেমিয়ানস অস্ট্রেলিয়া জানিয়েছে, ঈদ পুনর্মিলনী শুধুমাত্র একটি সামাজিক অনুষ্ঠান নয়, বরং এটি ছিল স্মৃতি, আবেগ এবং বন্ধুত্বের এক অনন্য মেলবন্ধন। সাবেক শিক্ষার্থীরা আবারও একত্রিত হয়ে তাদের পুরনো দিনের গল্প, হাসি আর ভ্রাতৃত্বের বন্ধনকে নতুন করে দৃঢ় করেছেন।

সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসার সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন আয়োজন করা হবে বলেও জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here