গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দুই বছরের জন্য ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হিসেবে দৈনিক সমকালের প্রতিনিধি শাহজাহান সোহেল এবং সাধারণ সম্পাদক হিসেবে যমুনা টিভির জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুরে সাদুল্লাপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ি সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় এবং সভাপতি তাজুল ইসলাম রেজার সভাপতিত্বে নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন— তাজুল ইসলাম রেজা, খোরশেদ আলম ও ছোলায়মান সরকার।
এছাড়া সাধারণ পরিষদের সদস্য হিসেবে রয়েছেন— আবদুল জব্বার আকন্দ, এস এম আসাদুজ্জামান, নয়ন কুমার সাহা, সাইদুর রহমান, আব্দুল কাফি সরকার ও শামিম সর্দার।
অনুষ্ঠিত সাধারণ সভায় বিদায়ি কমিটির গত দুই বছরের কার্যক্রম ও প্রেসক্লাবের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
সভা শেষে বিদায়ি সভাপতি তাজুল ইসলাম রেজা এবং সাধারণ সম্পাদক খোরশেদ আলম আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় নতুন কমিটি প্রেসক্লাবের সব সদস্যসহ কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

