সরাসরি বিশ্বকাপ খেলতে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
সরাসরি বিশ্বকাপ খেলতে কঠিন সমীকরণে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল টানা তিনটি আসর ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলেছিল আইসিসির শর্ত পূরণ করে। কিন্তু ওয়ানডে র‍্যাংকিংয়ে দীর্ঘদিন ৭ নম্বরে থাকা দলটি এখন নেমে এসেছে ১০ নম্বরে। ফলে বড় প্রশ্ন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে কি সরাসরি জায়গা পাবে বাংলাদেশ?

২০২৭ বিশ্বকাপে ১৪টি দল খেলবে। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাংকিংয়ের সেরা আট দল সরাসরি মূলপর্বে সুযোগ পাবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বয়ংক্রিয়ভাবে অংশ নেবে। স্বাগতিকরা যদি সেরা আটের মধ্যেই থাকে, তাহলে র‍্যাংকিংয়ের ১০ নম্বর দল পর্যন্ত সরাসরি সুযোগ পেতে পারে।

বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৪, অবস্থান ১০। ঠিক ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজ। তাদের পয়েন্ট ৭৭। ব্যবধান খুব বেশি নয়, কিন্তু প্রতিটি সিরিজ এখন হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই।

জিম্বাবুয়ে স্বাগতিক হওয়ায় বাস্তব চিত্রে বাংলাদেশ যেন কার্যত ১১ নম্বরে। তাই ২০২৭ সালের মার্চের আগেই অন্তত ৯ নম্বরে ওঠা জরুরি। না হলে অপেক্ষা করছে কঠিন বাছাইপর্ব। যেখানে গত আসরে ওয়েস্ট ইন্ডিজের মতো দুইবারের চ্যাম্পিয়নও ব্যর্থ হয়েছিল।

সামনে বড় সুযোগও আছে। মার্চ থেকেই শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়ানডে সূচি। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ (১২, ১৪ ও ১৬ মার্চ)। এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হোম সিরিজ, আর অ্যাওয়েতে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই। সব ম্যাচই আইসিসির এফটিপির অংশ। অর্থাৎ র‍্যাংকিংয়ে সরাসরি প্রভাব ফেলবে।

পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতি হিসেবে ২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চার দলের বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট। বগুড়া ও রাজশাহীতে ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা, ফাইনাল মিরপুরে। সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মতে, দীর্ঘদিন পর ৫০ ওভারের ধারায় ফেরা এই টুর্নামেন্ট বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে।

সব মিলিয়ে, সরাসরি বিশ্বকাপে যাওয়ার পথ কঠিন তবে অসম্ভব নয়। এখন প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য ফাইনাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here