সমুদ্রপথে যুদ্ধের বিভীষিকা: দুই সপ্তাহে ১৭টি জাহাজে হামলা ও প্রাণহানি

0
সমুদ্রপথে যুদ্ধের বিভীষিকা: দুই সপ্তাহে ১৭টি জাহাজে হামলা ও প্রাণহানি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের রেশ ধরে গত দুই সপ্তাহে পারস্য উপসাগর, হরমুজ প্রণালি এবং ওমান উপসাগরে অন্তত ১৭টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, এই ধারাবাহিক হামলায় অন্তত একজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। 

ওমানের ভারতীয় দূতাবাস নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। গত ১ মার্চ থেকে শুরু হওয়া এই হামলাগুলো সমুদ্রপথে আন্তর্জাতিক পণ্য ও জ্বালানি পরিবহনের ক্ষেত্রে এক ভয়াবহ নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

হামলার সূত্রপাত হয় চলতি মাসের শুরুতেই, যখন ১ মার্চ হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে চারটি ট্যাঙ্কার গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ওমান উপসাগরে আক্রান্ত ‌‘এমকেডি ব্যোম’ নামক জাহাজে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর ৩ মার্চ ওমান উপসাগরে নোঙর করা দুটি জাহাজে প্রজেক্টাইল হামলা চালানো হয় এবং একটি বড় পণ্যবাহী জাহাজের পাশে ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটে। ৪ মার্চ পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও তিনটি জাহাজ লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। ৬ মার্চ একটি টাগবোট হামলার শিকার হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

সংঘাতের তীব্রতা আরও বৃদ্ধি পায় ৭ মার্চ, যখন পারস্য উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ ড্রোন হামলার শিকার হয়। এতে বেশ কয়েকজন কর্মী আহত হন এবং নিরাপত্তার স্বার্থে রিগটি খালি করে ফেলা হয়। ১০ মার্চ একটি জাহাজ গোলার আঘাতে কাঠামোগতভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এরপর গত ১১ মার্চ ‘ময়ূরী নারী’ নামক একটি কনটেইনার জাহাজসহ আরও তিনটি জলযানে হামলা চালানো হয়। সবশেষ গত ১২ মার্চ পারস্য উপসাগরে একটি কনটেইনার জাহাজে গোলার আঘাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ জলপথে একের পর এক এমন হামলায় বিশ্বজুড়ে সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here