কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে ভিশন-মিশন নিয়ে সরকার পরিচালনা করছেন, ছাত্রদলও সেই ভিশন মোতাবেক কাজ করছে। বর্তমান সরকারকে পর্যাপ্ত সময় দিলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।
রবিবার (২২ মার্চ) রাতে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ছাত্রদলের নেতাকর্মী ও আইনজীবী সমিতির কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ কথ বলেন নাছির।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সময় দিলে আগামী কিছুদিনের মধ্যে নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে।
এ সময় নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আব্দুল হক, সাধারণ সম্পাদক রবিউল হাসান পলাশ, জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালেব আপেল, এডভোকেট ফিরোজ আলম আজাদ, বিএনপি নেতা শাহ জাফর উল্লাহ রাসেল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, আজ সকালে তিনি নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ এবং জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

