সতীর্থদের অনুশীলন দেখার সময় বলের আঘাতে গুরুতর আহত স্টোকস

0
সতীর্থদের অনুশীলন দেখার সময় বলের আঘাতে গুরুতর আহত স্টোকস

পাশে দাঁড়িয়ে সতীর্থদের অনুশীলন দেখার সময় বলের আঘাতে গুরুতর আহত হয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এতে তার মুখ ক্ষত-বিক্ষত হয়, ডান পাশ কেটে যায়, চোখের নিচে ফুলে কালচে দাগ এবং নাক দিয়ে রক্ত ঝরেছে। 

ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় ছিলেন এ অলরাউন্ডার। এর মাঝেই ঘটে গেল দুর্ঘটনা। 

এ নিয়েও অবশ্য মজা করতে ভোলেননি স্টোকস। নিজের ক্ষত-বিক্ষত মুখের ছবিতে অট্টহাসির ইমোজি দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, বলের শক্তি কেমন হতে পারে আপনাদের দেখা উচিত। দুর্ঘটনার সময় নেটে কাউন্টি ক্লাব ডারহামের ক্রিকেটাররা অনুশীলন করছিলেন। স্টোকস ব্যাটিং-বোলিং কিছুই করছিলেন না, দেখছিলেন পাশে দাঁড়িয়ে। 

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গত মাসে সিডনিতে শেষ অ্যাশেজ টেস্টের পর থেকে অ্যাডাক্টর ইনজুরিতে পড়া স্টোকস পুনর্বাসনে ছিলেন। এই মাসের শেষ দিকে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া শেষে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ইংল্যান্ড লায়ন্সের অনানুষ্ঠানিক কোচ হিসেবে আবুধাবি যাওয়ার কথা ছিল তার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর আর সাদা বলের ক্রিকেট খেলেননি এই অলরাউন্ডার। ফলে আগামীকাল (শনিবার) থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্টোকস দলের বাইরে।

ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্টোকস। তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন আগামী জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। তার আগে ৩৪ বছর বয়সী এই তারকার ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার কথা রয়েছে। সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পর ইংলিশ অধিনায়ক স্টোকস জানিয়েছিলেন, কোচ পদে ব্রেন্ডন ম্যাককালাম এবং তিনি টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যেতে চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here