সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ

0
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

সংরক্ষিত নারী আসনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সংসদের সাধারণ আসনের সদস্যরা। তাই ২৯৬ জন সদস্যের নাম প্রকাশ করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে ২৯৯ আসনে। শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট স্থগিত রেখে আগামী ৯ এপ্রিল নতুন তফসিলের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। এছাড়া বগুড়া-৬ আসনটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছেড়ে দিয়েছেন।

আর আইনি জটিলতা থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল প্রকাশ করেনি ইসি। অর্থাৎ বর্তমানে সংসদ সদস্য রয়েছেন ২৯৬ জন।

আইন অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের পর ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন করতে হয়। এজন্য আগামী ৮ এপ্রিল তফসিল দিয়ে ১২ মে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

বর্তমানে জাতীয় সংসদে বিএনপির প্রতিনিধি আছেন ২০৮ জন, এনসিপির ৬ জন, জামায়াতের ৬৮ জন। বাংলাদেশ খেলাফত মজলিস আসন পেয়েছে ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে ১টি, গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি আসন। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি আসনে জয় লাভ করেছে। গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি আসন। খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।

আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির সঙ্গে আছে তিন রাজনৈতিক দল… জুনায়েদ সাকি, নুরুল হক নুর ও আন্দালিব রহমান পার্থ। আর জামায়াতের সঙ্গে আছে এনসিপি ও খেলাফত মজলিস। আর রুমিন ফারহানা জোটের হয়ে যাবেন না, এটা বলেছেন। এক্ষেত্রে আইন অনুযায়ী, বিএনপির জোট ৩৬টি আসন পাবে, জামায়াত জোট ১৩টি আর সাত স্বতন্ত্র প্রার্থী পাবেন ১ আসন।

এসব আসনে প্রত্যেকটি দলের প্রাপ্ত আসনের বিপরীতে প্রতিটির জন্য একাধিক প্রার্থী মনোনয়ন দিলে ভোট হবে। আর একজন প্রার্থী দিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here