সংকট সমাধানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতাদের সাক্ষাৎ

0
সংকট সমাধানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতাদের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা। গতকাল বুধবার মন্ত্রণালয়ে এই সৌজন্য সাক্ষাতে রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়।

প্রতিনিধিদলে ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লায়ন এম এম আউয়াল (সাবেক এমপি) এবং ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী আব্দুল লতিফ। বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ মন্ত্রণালয় এবং রিহ্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে আবাসন খাতের চলমান বিভিন্ন সমস্যা, বিশেষ করে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের ফলে আবাসন প্রকল্পে ইউনিটের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। রিহ্যাব নেতারা বলেন, ড্যাপের কিছু বিধি-নিষেধের কারণে নতুন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে, যা আবাসন খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মন্ত্রী জাকারিয়া তাহের সুমন আবাসন খাতের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্ব সহকারে শোনেন এবং এ বিষয়ে বিস্তারিত লিখিত প্রস্তাব দেওয়ার জন্য রিহ্যাব নেতাদের অনুরোধ জানান।

রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেন, আবাসন খাতের উন্নয়ন ও বিদ্যমান সমস্যার সমাধানে রিহ্যাব দ্রুত একটি বিস্তারিত লিখিত প্রস্তাব প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দেবে।

রিহ্যাব নেতারা আশা প্রকাশ করেন, সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আবাসন খাতের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান হবে এবং দেশের আবাসন খাত আরো গতিশীল হয়ে উঠবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here