দিনাজপুরের পার্বতীপুরে জ্বালানি তেল পরিবহনের সময় তিন শ্রমিককে হয়রানির অভিযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ট্যাংকলরি শ্রমিকরা। এতে রেলহেড অয়েল ডিপোর সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
রবিবার সকাল থেকে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকে এ কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে পেট্রোল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্টরা।
শ্রমিকদের দাবি, শনিবার পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর যমুনা কোম্পানি থেকে জ্বালানি তেল নিয়ে একটি লরি নীলফামারীর দিকে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও সহকারী লরির কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন। এ সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূইয়া তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং চালক সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড ও মোট এক লাখ টাকা জরিমানা করেন।
এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, অবিলম্বে আটক শ্রমিকদের মুক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি না হলে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

