শেষ মুহূর্তে থিকশানাকে দলে ভেড়াল হায়দরাবাদ

0
শেষ মুহূর্তে থিকশানাকে দলে ভেড়াল হায়দরাবাদ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগমুহূর্তে দল শক্তিশালী করতে শ্রীলঙ্কার স্পিনার মাহেশ থিকশানাকে দলে নিয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসমেন।

ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা এই রহস্য স্পিনার এখন তাদের দলের অংশ।

সংক্ষিপ্ত ফরম্যাটে থিকশানার অভিজ্ঞতা উল্লেখযোগ্য। ২৫ বছর বয়সী এই বোলার শ্রীলঙ্কার হয়ে ৮৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৮২টি উইকেট নিয়েছেন, যেখানে তার ইকোনমি রেট ৭.০৮। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৫৫ ম্যাচে তার শিকার ২৩০ উইকেট।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি নিয়মিত মুখ। তিনি খেলেছেন আইএলটি-টোয়েন্টি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এসএ-টোয়েন্টি, সিপিএল ও এলপিএলের মতো বড় টুর্নামেন্টে।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের একাদশ আসর, যা চলবে ৩ মে পর্যন্ত। এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে আটটি দল। নতুন দল হিসেবে যুক্ত হয়েছে হায়দরাবাদ কিংসমেন ও রাওয়ালপিন্ডি।

তবে পূর্বঘোষিত সূচিতে পরিবর্তন এনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, এবারের সব ম্যাচ করাচি ও লাহোরে অনুষ্ঠিত হবে এবং নিরাপত্তাজনিত কারণে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আলোচনা এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর সঙ্গে পরামর্শের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোরে, আর কোয়ালিফায়ার ম্যাচ হবে করাচিতে। উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ কিংসমেন মুখোমুখি হবে লাহোর কালান্দার্সের।

দর্শকশূন্য এই আসরকে আকর্ষণীয় করতে সম্প্রচার ও প্রোডাকশনে নতুন প্রযুক্তি ব্যবহারের কথাও জানিয়েছে আয়োজকরা।

এবারের পিএসএলে হায়দরাবাদ কিংসমেনের দলে আছেন মার্নাস লাবুশেন (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, কুশল পেরেরা, সাইম আইয়ুব, রাইলি মেরেডিথসহ একাধিক তারকা ক্রিকেটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here