শেরপুরের পাঁচটি উপজেলার অষ্টম শ্রেণির এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)-এর জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ২ জানুয়ারি থেকে পরীক্ষার কার্যক্রম শুরু হয়।
এ পরীক্ষায় পাঁচটি উপজেলার ১৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১,০৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হলে বিভিন্ন ধরনের শিক্ষা সহায়তা ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ডপস এক যুগেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ৯৩৫ জন। এদের মধ্যে ১৬৭ জন শিক্ষার্থী সংগঠনটির সার্বিক সহযোগিতায় বর্তমানে মেডিক্যাল কলেজ, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে।
ডপস জানিয়েছে, মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে প্রয়োজনীয় শিক্ষা সহায়তা প্রদান, মেধার সঠিক বিকাশ নিশ্চিত এবং উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়াই এই পরীক্ষার মূল লক্ষ্য।

