শীতের শেষে গরম কাপড় গুছিয়ে রাখবেন যেভাবে

0
শীতের শেষে গরম কাপড় গুছিয়ে রাখবেন যেভাবে

ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। দিনের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আলমারি থেকে সোয়েটার, জ্যাকেট, শাল ও কম্বল গুছিয়ে রাখার সময়ও এসে গেছে। তবে তাড়াহুড়ো করে শীতের পোশাক তুলে রাখলে পরের মৌসুমে সেগুলো নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়মে পরিষ্কার ও সংরক্ষণ করলেই শীতের পোশাক দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।

প্রথম ধাপেই সব শীতের পোশাক ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। অনেকেই মনে করেন, কম পরা জামাকাপড় ধোয়ার দরকার নেই। কিন্তু কাপড়ে ঘাম, ধুলো ও শরীরের তেল লেগে থাকে, যা দীর্ঘদিন জমে থাকলে দাগ, দুর্গন্ধ বা পোকামাকড়ের সমস্যা তৈরি করতে পারে। উলের সোয়েটার হালকা ডিটারজেন্ট বা শ্যাম্পু দিয়ে ধোয়া ভালো, আর ভারী কোট বা ব্লেজার হলে ড্রাই ক্লিন করানোই নিরাপদ। ধোয়ার পর পোশাক পুরোপুরি শুকনো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য ভেজাভাব থাকলেও ফাঙ্গাস বা ছত্রাক জন্মাতে পারে। তাই রোদে বা খোলা বাতাসে ভালোভাবে শুকিয়ে তবেই ভাঁজ করুন। 

বিশেষজ্ঞরা জানান, উলের পোশাক দীর্ঘদিন ঝুলিয়ে রাখা ঠিক নয়, এতে পোশাকের আকৃতি নষ্ট হতে পারে। পরিষ্কার করে ভাঁজ করে রাখা সবচেয়ে ভালো। কটন ব্যাগ বা ঢাকনাওয়ালা স্টোরেজ বক্স ব্যবহার করলে পোশাক নিরাপদ থাকে। প্লাস্টিক ব্যাগে আর্দ্রতা জমতে পারে, তাই সেদিকে সতর্ক থাকা প্রয়োজন।

পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে ন্যাপথলিন বল, নিমপাতা বা ল্যাভেন্ডার পাউচ ব্যবহার করা যেতে পারে। তবে এগুলো সরাসরি কাপড়ে না রেখে আলাদা কাপড়ে মুড়ে রাখলে কাপড়ে তীব্র গন্ধ বসে না।

এছাড়া পোশাক রাখার আলমারি বা স্টোরেজ জায়গা পরিষ্কার ও শুকনো রাখা জরুরি। মাঝে মাঝে আলমারি খুলে বাতাস লাগালে স্যাঁতসেঁতে ভাব কমে যায়।

বিশেষজ্ঞদের মতে, সামান্য যত্ন আর পরিকল্পনাই শীতের পোশাককে দীর্ঘদিন নতুনের মতো রাখতে পারে। তাই শীত বিদায়ের এই সময়েই সঠিকভাবে গুছিয়ে রাখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here