লা লিগায় মৌসুমের একেবারে শেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। রবার্ট লেভানডফস্কির গোলে প্রথমে লিড নিলেও শেষ আধঘণ্টায় ব্লাঙ্কিনেগ্রোসদের মুহুর্মুহু আক্রমণে এ সময়ে তিন গোল হজম করে বার্সা। ফলে টানা দুটি অ্যাওয়ে ম্যাচে হেরে মৌসুমের অভিযান শেষ হলো বার্সা কোচ হান্সি ফ্লিকের।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও এএস’-এর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষে এই পরাজয় নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ ফ্লিক। তিনি অকপটে স্বীকার করেছেন ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা পাওয়ার লড়াইয়ে থাকা ভ্যালেন্সিয়া আসলে তার দলের চেয়ে জয়ের জন্য বেশি ক্ষুধার্ত ছিল। অবশ্য ম্যাচ জিতলেও শেষ পর্যন্ত ইউরোপিয়ান টিকিট পায়নি ভ্যালেন্সিয়া।
মৌসুমের শেষ ম্যাচ হারের পর ফ্লিক বলেন, গোল করার পর আমরা কিছুটা শিশুসুলভ ভুল করে ফেলেছিলাম এবং ওরা সেই সুযোগ কাজে লাগিয়েই গোল করে জয় ছিনিয়ে নিয়েছে। এই পরাজয়টি আমাদের পুরো মৌসুমের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে না, যা আমরা লিগ শিরোপা জয়ের মাধ্যমে শেষ করেছি। আমরা এই ফলাফল মেনে নিচ্ছি কারণ ভ্যালেন্সিয়ার এই জয় পুরোপুরি প্রাপ্য ছিল। তারা মাঠে প্রমাণ করেছে যে এই ম্যাচটি তাদের কাছে আমাদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল।’
মৌসুম শেষ। আপাতত ফুটবল থেকে কিছুদিন দূরে থাকার পরিকল্পনা করেছেন ফ্লিক। তিনি বলেন, ভবিষ্যতে আরও উন্নতির জন্য এখন আমাকে সবকিছু নিখুঁতভাবে বিশ্লেষণ করতে হবে। আজকের ম্যাচে কিছু জিনিস ঠিকঠাক ছিল না, তবে আমাদের পুরো মৌসুমটি বেশ ভালো কেটেছে। আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং এখন আমরা ছুটিতে যাচ্ছি। এরপর আবার নতুন মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করব।

