শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ার আহ্বান

0
শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ার আহ্বান

আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মিরাসানী পলিটেকনিক একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে স্থাপিত কম্পিউটার ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদের যুগোপযোগী করে তুলবে। পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে। বহির্বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। মুঠোফোন ব্যবহারের মাত্রা কমিয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরাসানী পলিটেকনিক একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ভূইয়া মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এ.বি.এম. মমিনুল হক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম রুমা, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, মসজিদ ও মাদ্রাসায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here