শাস্তি পেল হামজার লেস্টার সিটি

0
শাস্তি পেল হামজার লেস্টার সিটি

একের পর এক দুঃসংবাদে কঠিন সময় পার করছে লেস্টার সিটি। চোটের কারণে বাংলাদেশি তারকা হামজা চৌধুরী কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ার খবরের রেশ কাটতে না কাটতেই এবার বড় শাস্তির মুখে পড়ল তার ক্লাব। আর্থিক বিধি লঙ্ঘনের অভিযোগে লেস্টারের ছয় পয়েন্ট কেটে নিয়েছে ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, শাস্তিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ায় চ্যাম্পিয়নশিপ টেবিলে ১৭ নম্বর স্থান থেকে তিন ধাপ নিচে নেমে এখন ২০ নম্বরে অবস্থান করছে ফক্সরা। 

প্রিমিয়ার লিগে থাকাকালীন ‘প্রফিট অ্যান্ড সাসটেইনেবিলিটি রুলস’ (পিএসআর) ভাঙার অভিযোগ ওঠে লেস্টারের বিরুদ্ধে। ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত আগের তিন অর্থবছরে নির্ধারিত সীমার চেয়ে বেশি আর্থিক ক্ষতিতে পড়েছিল ক্লাবটি। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর বিষয়টি ইএফএলের অধীনে চলে যায় এবং সেখানকার বিধি অনুযায়ী শাস্তি দেওয়া হয়।

শাস্তির প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে লেস্টার সিটি জানিয়েছে, তারা এই সিদ্ধান্তে হতাশ এবং এটিকে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করছে। ক্লাবের দাবি, কমিশন তাদের উপস্থাপিত লঘুকরণমূলক যুক্তিগুলো যথাযথ গুরুত্ব দেয়নি, যা চলতি মৌসুমে ক্রীড়াগত লক্ষ্য অর্জনে বড় প্রভাব ফেলতে পারে। পুরো রায় পর্যালোচনা করে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে ক্লাবটি।

পিএসআর অনুযায়ী, তিন বছরে প্রিমিয়ার লিগের কোনো ক্লাব সর্বোচ্চ ১০৫ মিলিয়ন পাউন্ড ক্ষতি করতে পারে। তবে শীর্ষ লিগের বাইরে থাকা প্রতিটি মৌসুমে সেই সীমা ২২ মিলিয়ন পাউন্ড করে কমে যায়। 

কমিশনের হিসাব অনুযায়ী, ৩০ জুন ২০২৪ পর্যন্ত লেস্টারের ক্ষতির পরিমাণ ছিল অনুমোদিত সীমার চেয়ে ২০.৮ মিলিয়ন পাউন্ড বেশি। যদিও নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ১২ পয়েন্ট কাটা যেতে পারত, ক্লাবের ‘উন্নত আর্থিক অবস্থান’ বিবেচনায় নিয়ে শাস্তি ছয় পয়েন্টেই সীমিত রাখা হয়েছে।

মাঠের ভেতরেও স্বস্তিতে নেই হামজার দল। চ্যাম্পিয়নশিপে টানা চার ম্যাচে জয়হীন লেস্টার, যার তিনটিতেই এসেছে হার। জানুয়ারিতে কোচ মার্তি সিফুয়েন্তেস বরখাস্ত হওয়ার পর এখনো স্থায়ী কোচ নিয়োগ দিতে পারেনি ক্লাবটি। 

অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিংয়ের অধীনে শনিবার বার্মিংহাম সিটির বিপক্ষে মাঠে নামবে লেস্টার সিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here