‘শত্রুদের জাহাজ’ বাদে সবার জন্য উন্মুক্ত হরমুজ: ইরান

0
‘শত্রুদের জাহাজ’ বাদে সবার জন্য উন্মুক্ত হরমুজ: ইরান

শত্রুদের জাহাজ বাদে অন্য সবার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত আছে বলে জানিয়েছে ইরান।

রবিবার জাতিসংঘের সমুদ্র বিষয়ক সংস্থার ইরানি দূত আলি মৌসাভি এ তথ্য জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার দিবাগত রাতে হুমকি দিয়ে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিতে হবে। নয়তো তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হবে। তার এ হুমকির পর ইরান জানাল, শত্রুদের জাহাজ বাদে সবার জন্য হরমুজ খোলাই আছে।

ইরানের দূত বলেছেন, উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তার ব্যাপারে আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে ইরান।

তিনি জানিয়েছেন, যেসব জাহাজের সঙ্গে ইরানের শত্রুদের সংশ্লিষ্টতা নেই তারা সহজেই হরমুজ দিয়ে যেতে পারবে। অন্য দেশের জাহাজকে শুধুমাত্র ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিরাপত্তার বিষয়টি সমন্বয় করতে হবে। অর্থাৎ ইরানকে জানিয়ে জাহাজ আনতে হবে।

ইরানি এ কূটনীতিক বলেছেন, “ইরান কূটনীতিকে প্রাধান্য দেয়। এটি এখনও অব্যাহত আছে। তবে তার আগে হামলা অবশ্যই সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পারস্পরিক বিশ্বাস অর্জন করতে হবে। হরমুজে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটির মূল কারণ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন।” সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here