লিভারপুলকে সবসময় ভালোবাসব ও সমর্থন দেবো: সালাহ

0
লিভারপুলকে সবসময় ভালোবাসব ও সমর্থন দেবো: সালাহ

লিভারপুলে শেষ হচ্ছে মোহাম্মদ সালাহর ৯ বছরের বর্ণাঢ্যময় ক্যারিয়ারের। এই লম্বা সময়ের মধ্যে সবচেয়ে হতাশা আর যন্ত্রণার সময় কেটেছে চলতি মৌসুমে। কেবল ২৬টি লিগ ম্যাচ খেলেছেন, গোল করেছেন মাত্র সাতটি। গত ডিসেম্বরে দলের বাজে পারফরম্যান্সের পর বেঞ্চ গরম করতে হয়েছিল, তারপর বাদও পড়েন দল থেকে। তখনই কোচ আর্নে স্লটের সঙ্গে তার বিবাদের কথা প্রকাশ্যে আসে।

যদিও দুজনের মধ্যে সেই বিবাদের অবসান হয়েছে। তারপর পারস্পরিক সমঝোতার মাধ্যমে ক্লাবের সঙ্গে ছাড়াছাড়ির ঘোষণা দেন সালাহ। শেষটা ভালো না হলেও মিসরীয় ফরোয়ার্ড লিভারপুল ও এর সমর্থকদের প্রতি অনুভূতির কথা ব্যক্ত করলেন।

আগামীকাল রবিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে লিভারপুলের শেষ ম্যাচ। বিদায়ী ম্যাচের আগে তাদের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় বললেন, লিভারপুলের জন্য ভালোবাসা ও সমর্থন সবসময় থাকবে।

সব প্রতিযোগিতা মিলে লিভারপুলের হয়ে ৪৪১ ম্যাচ খেলে ২৫৭ গোল ও ১১৯ অ্যাসিস্ট সালাহর। জিতেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ। 

বিদায়বেলায় লিভারপুলের প্রতি নিজের আবেগের ঝাঁপি খুলে দিলেন। ক্লাবের প্রযোজিত একটি ভিডিও চিত্র ‘সালাহ: ফেয়ারওয়েল টু দ্য কিং’-এ তিনি বললেন, ‘ক্লাবটি আমার কাছে সবকিছু, এর মানুষগুলোও। শহরও আমার অনেক আপন। আমি সবসময় এই ক্লাবকে ভালোবাসব। সবসময় একে সমর্থন দেবো।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে এটাই সবকিছু। এই ক্লাবে দীর্ঘদিন থাকলে ভক্তদের কাছ থেকে ভালোবাসা ও মূল্য অনুভব করবেন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। দলের ও তাদের জন্য যা করেছি তার স্বীকৃতি দিয়েছে সবাই। এর অনুভূতি বিশেষ। আমি অভিভূত। এখানে খুব বেশি খেলোয়াড় ৯ বছর খেলার সুযোগ পায়নি এবং আমার মতো পারফর্ম করতে পেরেছে কিংবা এই প্রক্রিয়ার মধ্যে থাকাকালে উপভোগ করেছে।’

সালাহ শেষ করলেন এভাবে, ‘তাই, এটি একটি পরম আশীর্বাদ এবং এমন কিছু যা আমি কখনোই অবহেলা করি না বা হালকাভাবে নিই না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here