পূর্ব লিবিয়ার টোব্রুক উপকূলে একটি অভিবাসী নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১০ জন নিখোঁজ রয়েছে।
স্থানীয় সময় (১ মার্চ) রবিবার জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নৌকাটিতে ৩১ জন অভিবাসী ছিলেন। এর মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের এখনও খোঁজ পাওয়া যায়নি। নিহত ও নিখোঁজদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধ ও সংঘাতের কারণে নিরাপদ পথ না পেলে মানুষ বাধ্য হয়ে সমুদ্রপথের মতো ঝুঁকিপূর্ণ রাস্তায় পা বাড়ায়। এ অবস্থায় নিরাপদ ও বৈধ অভিবাসন পথ সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে নিরাপদ অভিবাসন ব্যবস্থার দাবি জানিয়ে আসছে।
সূত্র: এএফপি।

