লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী।
বুধবার বিকেলে এই রায় ঘোষণা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. আমিনুর রহমান (পলাতক) জেলার হাতীবান্ধা উপজেলার বাড়ইপাড়া (কানিপাড়া) গ্রামের বাসিন্দা। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেন। অর্থদণ্ড পরিশোধ না করলে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের ব্যবস্থা থাকবে।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৫ নভেম্বর রাত ১২টা ২৫ মিনিটে হাতীবান্ধা থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদে তারা বাড়ইপাড়া এলাকায় অবস্থান নেন। এই সময় মো. আমিনুর রহমান একটি লাল রঙের প্লাস্টিকের নেটের বস্তা কাঁধে নিয়ে হেঁটে আসছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।
মামলার পিপি হুমায়ুন রেজা স্বপন জানান, বিচার প্রক্রিয়ায় আসামির বিরুদ্ধে সমস্ত সাক্ষ্যপ্রমাণ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেছে। পলাতক আসামি আত্মসমর্পণ বা গ্রেপ্তার হওয়ার দিন থেকে দণ্ড কার্যকর হবে।

