লক্ষ্মীপুরে গণভোটের রায় অমান্যের প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা জামায়াতের নায়েবে আমীর নজির আহম্মদ, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, এবি পার্টির জেলা সভাপতি খালেদ সাইফুল্লাহ ও এনসিপি নেতা আলমগীর হোসাইনসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভোটের পর বিএনপি জনগণের রায়কে উপেক্ষা করছে। তারা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে গণভোট বাস্তবায়নের পথে হাঁটবে বিরোধীদল।
বক্তারা আরও বলেন, জনগণের ভোটে সরকার গঠন বৈধ হলেও একই জনগণের ভোটে সংস্কারের উদ্যোগকে অবৈধ বলা দ্বিচারিতা। গণভোটকে অবজ্ঞা করে জাতিকে অপমান করা হয়েছে বলেও তারা মন্তব্য করেন।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার জনস্বার্থের বাইরে গেলে রাজপথ ও সংসদ- সব জায়গায় আন্দোলন ও প্রতিবাদ গড়ে তোলা হবে।

