রোহিতকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে বাটলার

0
রোহিতকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে বাটলার

মাত্র তিন রান দরকার ছিল। সেই তিন রান তুলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।

বিশ্বকাপের এই ম্যাচে ৪ হাজার থেকে তিন রান দূরে নেমেছিলেন বাটলার। ইনিংসের দ্বিতীয় ওভারে সিঙ্গেল নেওয়ার পর দুই রান তুলে পৌঁছে যান কাঙ্ক্ষিত ঠিকানায়। তবে একই ওভারেই ৪ বলে ৩ রান করে আউট হন তিনি। ইনিংস বড় করতে না পারলেও রেকর্ড গড়া থেকে তাকে থামানো যায়নি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বলের হিসাবে দ্রুততম ৪ হাজার রানের রেকর্ড এখন বাটলারের দখলে। এই মাইলফলকে পৌঁছাতে তার লেগেছে ৩,৬৯০ বল। এতদিন রেকর্ডটি ছিল ভারতের অধিনায়ক রোহিত শর্মার দখলে, তিনি ৩,৮৬০ বলে ছুঁয়েছিলেন ৪ হাজার রান।

ইংল্যান্ডের প্রথম এবং বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন বাটলার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভিরাট কোহলি (২০২২ সালের নভেম্বরে)। ২০২৪ সালে তার পাশে নাম লেখান রোহিত। একই বছরে তালিকায় যুক্ত হন পাকিস্তানের তারকা বাবর আজম।

ইনিংসের হিসাবে দ্রুততম ৪ হাজার রানের রেকর্ড অবশ্য কোহলির। তিনি ১০৭ ইনিংসে পৌঁছান এই মাইলফলকে। বাবরের লেগেছিল ১১২ ইনিংস। বাটলার ১৩৮ এবং রোহিত ১৪৪ ইনিংসে ছুঁয়েছেন ৪ হাজার।

এই ম্যাচে আরও একটি মাইলফলক গড়েছেন বাটলার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ ম্যাচ খেলা প্রথম ইংলিশ এবং বিশ্বের পঞ্চম ক্রিকেটার তিনি। এ তালিকার শীর্ষে আছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং, যার ম্যাচ সংখ্যা ১৬৩।

১৫০ ম্যাচে বাটলারের সংগ্রহ এখন ৪ হাজার রান, গড় ৩৪.৭৮ এবং স্ট্রাইক রেট ১৪৮.৫৮। ২৮টি ফিফটির সঙ্গে আছে একটি সেঞ্চুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here