উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে সারলেন দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। ঘোড়ায় চেপে বিয়ের আসরে হাজির হন বিজয়, পাহাড়ি পথ বেয়ে নেমে আসেন রাশমিকা-দৃশ্য যেন সিনেমারই এক রোমান্টিক ফ্রেম। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের বিয়ের ছবি। সহকর্মী থেকে অনুরাগী-শুভেচ্ছায় ভাসছেন নবদম্পতি।
তবে এই আনন্দঘন মুহূর্তের মাঝেই সামনে এলো এক অস্বস্তিকর ঘটনা। রাশমিকার বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন কি না-এমন প্রশ্ন করা হয় ‘কান্তারা’ খ্যাত তারকা ঋষভ শেঠিকে। প্রশ্ন শুনেই দৃশ্যত তিনি রেগে যান। উপস্থিত ব্যক্তিদের দাবি, কোনো মন্তব্য না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ঋষভ।
প্রসঙ্গত, ঋষভের নির্মিত ‘কিরিক পার্টি’ সিনেমা মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন রাশমিকা। সিনেমাটির প্রযোজক ছিলেন রক্ষিত শেঠি। সিনেমার সাফল্যের পরই জনপ্রিয়তা পান রাশমিকা। সেই সময় রক্ষিতের সঙ্গে তার সম্পর্কও গাঢ় হয়। ২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হয়, যেখানে উপস্থিত ছিলেন ঋষভও।
তবে এক বছরের মাথায় ভেঙে যায় সেই বাগদান। এরপর থেকেই রাশমিকা ও রক্ষিতের সম্পর্কের অবনতি ঘটে। একইসঙ্গে দূরত্ব তৈরি হয় ঋষভের সঙ্গেও-এমনটাই শোনা যায় ইন্ডাস্ট্রি সূত্রে। পরবর্তীতে রাশমিকাকে নিয়ে বিভিন্ন সময়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করতে শোনা গেছে ঋষভকে।
দক্ষিণী চলচ্চিত্র মহলে একসময় গুঞ্জন ওঠে, বাগদান ভাঙার পর কিছুটা চাপে পড়েছিলেন রাশমিকা। পরে তিনি বলিউডে কাজ শুরু করেন এবং ধীরে ধীরে সেখানে নিজের অবস্থান মজবুত করেন।
রাশমিকার নতুন জীবনের আনন্দঘন মুহূর্তে ঋষভের এই প্রতিক্রিয়া যেন পুরোনো সম্পর্কের স্মৃতিকেই আবার সামনে এনে দিল। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউই মুখ খোলেননি।

