নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ী রফিকুল ইসলাম সরকারকে গুলি করে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি।
নিহত রফিকুল ইসলাম সরকার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজিপুরা এলাকার বাসিন্দা ছিলেন।
নিহতের ভাই মোস্তাকিম জানান, পারিবারিক বিরোধ ও একটি পূর্ব ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার রিফাত ও নয়নের সঙ্গে রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। তার অভিযোগ, ওই বিরোধের জেরে রিফাত ও নয়ন রফিকুলকে হত্যার পরিকল্পনা করছিল।
তিনি বলেন, গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা রফিকুলকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবির চন্দ্র ঘোষ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

