সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুটি অনুমোদনহীন ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশবিধি লঙ্ঘনের দায়ে ছয়টি ইটভাটাকে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা ও পরিবেশ সংরক্ষণসংক্রান্ত বিভিন্ন বিধি লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে পরিচালিত মেসার্স বর্ণ ব্রিকস ও মেসার্স আরএফবি ব্রিকস ইটভাটার স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া আইন অনুযায়ী ছয়টি ইটভাটার মালিককে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল জানান, পরিবেশ দূষণ রোধ, কৃষিজমি রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
অভিযানকালে প্রসিকিউটর শাহিন আলম, পুলিশ সদস্য, র্যাব-১২, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

