হ্যামস্ট্রিং চোটে পড়া রাফিনিয়াকে ঘিরে একদিকে যেমন দুশ্চিন্তায় বার্সেলোনা, অন্যদিকে ফিফার নিয়মে ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে ক্লাবটির সামনে।
গত ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে ফ্রান্স জাতীয় ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পান ব্রাজিলিয়ান এই উইঙ্গার। প্রাথমিকভাবে জানা গেছে, অন্তত পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ফিফার ক্লাব প্রোটেকশন প্রোগ্রামের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচে চোট পেলে প্রথম ২৮ দিন পর্যন্ত ক্লাবকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না। তবে এই সময়সীমা পেরিয়ে গেলে প্রতিদিনের জন্য ক্ষতিপূরণ দেয় ফিফা।
সেই হিসেবে রাফিনিয়া যদি ২৮ দিনের বেশি মাঠের বাইরে থাকেন, তাহলে প্রতিদিন প্রায় ২০ হাজার ৫৪৮ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ লাখ টাকা) করে পাবে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ প্রায় ৭৫ লাখ ইউরো পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারে ক্লাবটি।
তবে রাফিনিয়া দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারলে এই অঙ্ক কমে আসবে। পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে মাঠে ফিরলে বার্সা পেতে পারে আনুমানিক দেড় লাখ ইউরো।
স্প্যানিশ লিগে ১০ মে সম্ভাব্য ‘এল ক্লাসিকো’ ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে রাফিনিয়ার ফেরার আশা করা হচ্ছে।
চলতি মৌসুমে ৩১ ম্যাচে ১৯ গোল করা রাফিনিয়া বার্সার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার অনুপস্থিতিতে বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বড় ধাক্কা খেতে পারে দলটি।

