রান্নাঘরে পিঁপড়ার উৎপাত? জেনে নিন কেমিক্যালমুক্ত নিরাপদ প্রতিকার

0
রান্নাঘরে পিঁপড়ার উৎপাত? জেনে নিন কেমিক্যালমুক্ত নিরাপদ প্রতিকার

রান্নাঘর যতই পরিষ্কার রাখা হোক না কেন, পিঁপড়ার আনাগোনা যেন কিছুতেই বন্ধ হয় না। মেঝেতে বা টেবিলে সামান্য খাবার পড়লেই কোথা থেকে যেন পিঁপড়ার সারি এসে হাজির হয়। চিনির কৌটো, মসলা রাখার তাক কিংবা রান্নাঘরের কোণ—সবখানেই পিঁপড়ার দৌরাত্ম্য।

পিঁপড়া তাড়াতে অনেকেই কীটনাশক ব্যবহার করেন, তবে এতে স্বাস্থ্যের ঝুঁকি থাকে—বিশেষ করে ঘরে শিশু থাকলে। সুখবর হলো, রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপাদান দিয়েই সহজে ও নিরাপদে পিঁপড়া দূর করা যায়। চলুন জেনে নেওয়া যাক কার্যকর কিছু ঘরোয়া উপায়—

হলুদ গুঁড়া

হলুদ প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে পরিচিত। রান্নাঘরের যেসব জায়গায় পিঁপড়ার চলাচল বেশি, সেখানে সামান্য হলুদ গুঁড়া ছড়িয়ে দিন। হলুদের গন্ধ ও উপাদান পিঁপড়াকে দূরে রাখে। শিশুদের জন্য এটি সম্পূর্ণ নিরাপদ।

লেবুর রস

পিঁপড়া লেবুর তীব্র গন্ধ সহ্য করতে পারে না। ঘর মোছার পানিতে লেবুর রস বা ভিনেগার মিশিয়ে নিতে পারেন।
এ ছাড়া ৩ কাপ পানির সঙ্গে ১ কাপ লেবুর রস মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। দরজার কোণা, জানালা, রান্নাঘরের তাক ও পিঁপড়ার চলার পথে স্প্রে করুন। নিয়মিত ব্যবহার করলে পিঁপড়া আর ফিরে আসবে না।

দারুচিনি

দারুচিনির গুঁড়া বা দারুচিনির তেল পিঁপড়া দূর করতে বেশ কার্যকর। পিঁপড়ার চলাচল যেসব জায়গায় বেশি, সেখানে দারুচিনির গুঁড়া ছিটিয়ে দিন। চাইলে পানির সঙ্গে কয়েক ফোঁটা দারুচিনির তেল মিশিয়ে স্প্রেও করতে পারেন।

লবঙ্গের তেল

লবঙ্গের তীব্র সুগন্ধ পিঁপড়া দূরে রাখতে সাহায্য করে। পানিতে কয়েক ফোঁটা লবঙ্গের এসেনশিয়াল তেল মিশিয়ে রান্নাঘরের মেঝে ও তাক মুছে নিন। এতে পিঁপড়ার আনাগোনা কমবে এবং ঘরেও থাকবে সতেজ গন্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here