রাজশাহীতে ডেঙ্গুতে নববধূর মৃত্যু

0
রাজশাহীতে ডেঙ্গুতে নববধূর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ফেরদৌসী (২৭) নামের এক নববধূর ডেঙ্গু রোগে মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) শনিবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। 

আজ রবিবার (২৯ জুন) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। ফেরদৌসী চাঁপাইনবাবগঞ্জ সদরের পোলাডাঙ্গা পচাপুকুর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।

এর আগে গত ২৫ জুন রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার রুকুনপুরের গোলাম রাব্বানীর ছেলে কবির হোসেনের (৩৭) মৃত্যু হয়।

মৃত ফেরদৌসীর চাচাতো বোনা জান্নাতুন নেসা বলেন, ‘ফেরদৌসী নববিবাহিত। তার বিয়ে হয়েছে মাদারীপুরে। তার একমাস আগে ইতালি প্রবাসীর সঙ্গে মোবাইলফোনে বিয়ে হয় পরিবারিকভাবে। ফেরদৌসীর মৃত্যুর খবরে শ্বশুর বাড়ি থেকে অনেকেই এসেছেন। তার পরিবারের আরও দুজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়া বাড়ির আশেপাশের লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।’

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালটিতে দুই বছরের শিশুসহ ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তারমধ্যে তিনজন নারী, ছয়জন পুরুষ ও একজন শিশু। এরমধ্যে চারজন চাঁপাইনবাবগঞ্জ, পাঁচজন রাজশাহীর আর একজন নওগাঁ সদরের রোগী চিকিৎসাধীন আছেন। 

জানা গেছে, গত ২৩ জুন জ্বরসহ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি করা হয় ফেরদৌসী। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৫ জুন তাকে চিকিৎসক আইসিইউতে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here