রাজবাড়ীর পাংশা উপজেলায় কর্মরত সকল দপ্তরের দপ্তর প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী পহেলা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু হবে। এছাড়া আগামী ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি হবে।
তিনি আরও বলেন, আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু করেছি। ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত ও সেবাইতদের ভাতা চালু হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে খাল খনন ও বৃক্ষরোপন কর্মসূচি চালু হবে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ হারুন, জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

