৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন রেলওয়ে শ্রমিক ও কর্মচারীরা। এতে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার সকালে রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা রেললাইনে অবস্থান নিলে সুন্দরবন এক্সপ্রেস আটকে পড়ে।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির রাজবাড়ী জেলা শাখার সভাপতি সেকেন পাট্টাদার এবং বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের রাজবাড়ী জেলা শাখার নেতা ইকবাল হোসেন। এ সময় বিভিন্ন শাখার রেলওয়ে শ্রমিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের আশ্বাস দিয়ে আসছে। এ জন্য পে-কমিশনও গঠন করা হয়েছিল। তবে এখনো সেই পে-স্কেল বাস্তবায়ন হয়নি। বর্তমানে রেলওয়ে শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী।
তারা আরও বলেন, নিয়ম অনুযায়ী পাঁচ বছর পরপর পে-স্কেল ঘোষণার কথা থাকলেও ২০১৫ সালের পর দীর্ঘ ১১ বছর ধরে নতুন পে-স্কেল দেওয়া হয়নি, যা অমানবিক। দ্রুত সময়ের মধ্যে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারীরা।

