চেক জালিয়াতি ও ৯ কোটি টাকার ঋণ-সংক্রান্ত মামলায় বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। জেলে যাওয়ার আগে এক আবেগঘন বার্তায় রাজপাল জানিয়েছিলেন, এই বিপদের দিনে ইন্ডাস্ট্রির কাউকেই তিনি পাশে পাচ্ছেন না।
তবে পরিস্থিতি বদলেছে। অভিনেতার ম্যানেজারের দাবি অনুযায়ী, রাজপালের সেই আর্তনাদ পৌঁছাল বি-টাউনের অন্দরে। তাকে জেল থেকে মুক্ত করতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সালমান খান, অজয় দেবগন এবং বরুণ ধাওয়ানের মতো তারকারা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজপালের ম্যানেজার গোল্ডি জানান, প্রথম থেকেই সোনু সুদ ইন্ডাস্ট্রির বাকিদের প্রতি রাজপালকে সাহায্যের আহ্বান জানিয়েছিলেন। গোল্ডি বলেন, অনেকেই রাজপালের খোঁজ নিচ্ছেন। সালমান খান, অজয় দেবগন সরাসরি সহায়তার আশ্বাস দিয়েছেন। ডেভিড ধাওয়ান ও বরুণ ধাওয়ানও যোগাযোগ করেছেন। এ ছাড়া রতন জৈনের মতো ব্যক্তিত্বরাও এগিয়ে এসেছেন।
ম্যানেজারের মতে, রাতারাতি আর্থিক লেনদেন সম্ভব না হলেও ইন্ডাস্ট্রির এই ইতিবাচক সাড়া রাজপালের পরিবারকে মানসিকভাবে অনেক শক্তি জুগিয়েছে।
ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি রাজপালের পাশে দাঁড়িয়েছে ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ (এফডব্লিউআইসিই)। সংগঠনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, আমরা সমস্ত প্রযোজক, পরিচালক এবং কলাকুশলীদের অনুরোধ করছি রাজপাল যাদবকে নৈতিক ও আর্থিক সমর্থন প্রদান করার জন্য। যাতে তিনি দ্রুত তার ঋণ পরিশোধ করে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। স্বচ্ছতা বজায় রাখতে এই সাহায্য সরাসরি অভিনেতাকে অথবা ফেডারেশনের মাধ্যমেও পাঠানো যাবে বলে জানানো হয়েছে।
ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রাজপালের পরিবারে বেশকিছু অনুষ্ঠান রয়েছে। গোল্ডি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইতোমধ্যেই জামিনের আবেদন করা হয়েছে। আশা করছি, আগামীকালের মধ্যেই তিনি মুক্তি পাবেন এবং পরিবারের সঙ্গে উৎসবে যোগ দিতে পারবেন।
দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াইয়ে রাজপাল মানসিকভাবে ভেঙে পড়লেও, সহকর্মীদের এই অকুণ্ঠ সমর্থন তাকে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে।
সূত্র: মিড-ডে

