রাজধানীতে শুরু ‘গুলশান সোসাইটি চাঁদরাত-২০২৬’ উৎসব

0
রাজধানীতে শুরু ‘গুলশান সোসাইটি চাঁদরাত-২০২৬’ উৎসব

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর গুলশানে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ‘গুলশান সোসাইটি চাঁদরাত-২০২৬’, যা নগরবাসীর মধ্যে ইতোমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় গুলশান-২ লেক পার্কে উৎসবের কার্যক্রম শুরু হলেও বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে প্রতিদিন বিকাল ৪টা থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে শুক্রবার (২০ মার্চ) সাহ্‌রি পর্যন্ত।

গুলশান সোসাইটি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এ আয়োজন বাস্তবায়িত হচ্ছে। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ব্যাংক এশিয়া। আয়োজকদের মতে, আধুনিক নগরজীবনের ব্যস্ততার মধ্যে হারিয়ে যাওয়া চাঁদরাতের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ নতুন করে ফিরিয়ে আনাই এই উৎসবের মূল লক্ষ্য।

উৎসবে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে নানা বৈচিত্র্যময় আয়োজন। ৩০টিরও বেশি স্বনামধন্য ব্র্যান্ড স্টল নিয়ে অংশগ্রহণ করেছে, যেখানে প্রিমিয়াম লাইফস্টাইল পণ্য, হাতে তৈরি গয়না, ঘর সাজানোর সামগ্রী এবং দেশি-বিদেশি শিল্পকর্ম প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।

সমগ্র আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর. কে. হোসেন, গুলশান সোসাইটির সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আহসান হাবিব এবং সাংস্কৃতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান মিসেস শ্রাবন্ধী দত্তসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সাংস্কৃতিক পরিবেশকে প্রাণবন্ত করতে প্রতিদিন সুফি সংগীত, গজল ও কাওয়ালি পরিবেশনা রাখা হয়েছে। পাশাপাশি শিশুদের জন্য রয়েছে ঐতিহ্যবাহী পুতুলনাচ, যা পরিবারসহ দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here