চট্টগ্রামের রাউজানে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়েছে।
রবিবার রাত ১১টার দিকে কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে যাত্রীসহ অটোরিকশাটি নোয়াপাড়া-পথেরহাটের দিকে যাচ্ছিল। পথে মাইজ্জামিয়ার ঘাটা এলাকায় পৌঁছালে কাপ্তাই দিক থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নজরুল ইসলামের মৃত্যু হয়।
এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে এবং ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ওই এলাকায় কিছুসময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

