রাউজানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
রাউজানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে পাখি আকতার (৫৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহত পাখি আকতার স্থানীয় খলিফাবাড়ির মুহাম্মদ বাহাদুরের স্ত্রী। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পাখি আকতার ও তাঁর স্বামী মুহাম্মদ বাহাদুর একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘুম ভেঙে বাহাদুর পাশের একটি কক্ষে গিয়ে ছাদের বিমের সঙ্গে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্বামী মুহাম্মদ বাহাদুর বলেন, তিনি ও তাঁর দুই ছেলে রিকশা চালান। অভাবের কারণে তাঁর স্ত্রী বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে মাসিক কিস্তিতে ঋণ নিয়েছিলেন। প্রতি মাসে তাঁদের প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হতো। এসব নিয়ে প্রায়ই পরিবারে কলহ হতো। সম্ভবত ঋণের চাপে আত্মহত্যা করেছেন।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের চাপে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here